২৫তম রজনীতে আরশিনগরের ‘সিদ্ধার্থ’: জাতীয় নাট্যশালায় ‘চেম্বার অফ বিয়িং’ উৎসবে বিশেষ প্রদর্শনী
টানা চারটি হাউসফুল প্রদর্শনীর পর দর্শকদের অবারিত ভালোবাসায় আবারও মঞ্চে ফিরছে আরশিনগর ঢাকা-এর দর্শকপ্রিয় প্রযোজনা ‘সিদ্ধার্থ’। মেঘাগমপ্রিয় থিয়েটার কোম্পানি আয়োজিত তিন দিনব্যাপী বর্ণাঢ্য শিল্প উৎসব ‘চেম্বার অফ বিয়িং’ (Chamber of Being)-এ আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির ২৫তম বিশেষ প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে এই নাটক।
গত ২২ ও ২৩ এপ্রিল শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে টানা চারটি প্রদর্শনী সম্পূর্ণ হাউসফুল হওয়ার পর সাময়িক বিরতিতে যাওয়ার কথা থাকলেও, মেঘাগমপ্রিয় থিয়েটার কোম্পানির আমন্ত্রণে দর্শক চাহিদার প্রেক্ষিতে এই বিশেষ মঞ্চায়নের সিদ্ধান্ত নেয় আরশিনগর।
একটি নাটকের ২৫তম রজনী যেকোনো নাট্যদলের জন্যই অত্যন্ত সম্মান ও আবেগের একটি মাইলফলক।
থিয়েটার, সমকালীন দৃশ্যকলা এবং লাইভ মিউজিক সেশনের এক শক্তিশালী সংমিশ্রণে সাজানো হয়েছে ‘চেম্বার অফ বিয়িং’ উৎসব। ২৫তম রজনীর এই বিশেষ প্রদর্শনীকে ঘিরে নাটকের আগে বিকেল ৪টা থেকে উৎসব প্রাঙ্গণে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে তরুণ শিল্পীদের স্কাল্পচার ও পেইন্টিং এক্সিবিশন এবং লাইভ আনপ্লাগড মিউজিকের বিশেষ আয়োজন। শিল্পের এই বহুমুখী আবহ দর্শকদের এক ভিন্নমাত্রিক অভিজ্ঞতা দেবে।
নোবেলজয়ী জার্মান সাহিত্যিক হেরমান হেসের কালজয়ী উপন্যাস অবলম্বনে ‘সিদ্ধার্থ’ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। গৌতম বুদ্ধের আরেক নাম সিদ্ধার্থ হলেও এটি কোনো ধর্মীয় জীবনী নয়, বরং একজন মানুষের আত্ম-অন্বেষণের গভীর যাত্রা। পিতা ও গৃহ ত্যাগ করে সিদ্ধার্থের সন্ন্যাস গ্রহণ, সংসার জীবনের মায়ায় জড়িয়ে পড়া এবং পরিশেষে নদীর কাছে এসে জীবনের পূর্ণাঙ্গ অর্থ খুঁজে পাওয়ার এক দার্শনিক রূপরেখা ফুটে উঠেছে এই নাটকে। নিরাভরণ মঞ্চে পরিমিত আলো, নান্দনিক কোরিওগ্রাফি আর শক্তিশালী দলগত অভিনয়ের মধ্য দিয়ে প্রযোজনাটি দর্শককে আত্মোপলব্ধির এক নীরব প্রশান্তিতে নিয়ে যায়।
আসন বুকিংয়ের জন্য দর্শকদের (০১৭৪৮৩৮৩৭৩৮, ০১৮৮৩৮৯২৬৯৮, ০১৭৮০৫০৩৯৯৩) যোগাযোগ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
নিরাভরণ মঞ্চে নদীর কলতানে আত্মানুসন্ধানের এই ২৫তম যাত্রায় থিয়েটারপ্রেমী দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছে আরশিনগর ঢাকা ও মেঘাগমপ্রিয় থিয়েটার কোম্পানি।




